তৃতীয় অপেক্ষমাণ তালিকা থেকে আজ ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সে তৃতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি-প্রক্রিয়া আজ মঙ্গলবার শুরু হবে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মধ্যে মেধাতালিকা থেকে ৫৬৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আসন খালি আছে ৩২টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ স্থাপত্য বিভাগে (খ গ্রুপ) মেধাক্রম ৪৮ থেকে ৫১ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে (ক গ্রুপ) ৭২২ থেকে ৭৪৯ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি-প্রক্রিয়া চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভর্তি হতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও বিভিন্ন সনদসহ যাবতীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে আজ বিকেল পাঁচটায় চতুর্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। অপেক্ষমাণ তালিকাভুক্ত কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা হারাবেন বলে কমিটি সূত্রে জানা গেছে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য (www.cuet.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।