তৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ ত্বরান্বিত করতে আরেকটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে তৃতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হবে।’সৈয়দ আশরাফ গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের রাষ্ট্রপতি বাইরে ছিলেন। তিনি দেশে ফিরেছেন। এখন ট্রাইব্যুনাল করা হবে।’ তিনি বলেন, ‘গোলাম আযমের বিচার নিয়ে কিছু কিছু সাংবাদিক মায়াকান্না করেন। আবার অনেকে টকশোতেও এ নিয়ে মায়াকান্না করেন।’ মন্ত্রী বলেন, ‘গোলাম আযম যে মুক্তিযুদ্ধের সময় অনেককে হত্যা করেছেন, অনেক মা-বোনকে ধর্ষণ করেছেন, এর কী বিচার হবে?’স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘টকশোতে যেভাবে মাল্টিলেভেল মার্কেটিং নিয়ে আলোচনা হয়, সেভাবে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আলোচনা হয় না।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। যত দিন পর্যন্ত এই বিচারের নিষ্পত্তি না হবে, তত দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা মহানগর দক্ষিণ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান, ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম প্রমুখ।