তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ৫০ ভাগ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণকাজ ৫০ ভাগ শেষ হয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে এটি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।
চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড গত বছরের ১৫ জুলাই নতুন বিদ্যুৎকেন্দ্রটির কাজ শুরু করে। ওই এলাকায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের আরও দুটি ইউনিট রয়েছে। সেগুলোর প্রতিটিতে ১২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, নতুন ইউনিটের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৫০ কোটি টাকা। এর উৎপাদনক্ষমতা হবে ২৭৫ মেগাওয়াট। এটি নির্মাণে চীনের আইসিবিসি ব্যাংক ১ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। বাকি অর্থ জোগান দেবে বাংলাদেশ সরকার। ২২০ জন চীনা প্রকৌশলী ও শ্রমিক কেন্দ্রটি নির্মাণে কাজ করছেন। তাঁদের সহায়তা দিচ্ছেন বাংলাদেশের প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, কয়লাখনির উত্তর-পশ্চিম পাশে ২৯০ একর জায়গাজুড়ে বিশাল স্থাপনা তৈরি করা হয়েছে।
প্রকল্প সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রটির কাজ বছরে ৪০ ভাগ করে এগোনোর কথা। তিন বছরে এটি উৎপাদনে যাওয়ার কথা। সে অনুযায়ী ২০১৮ সালের জুলাইয়ে কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করবে।
তবে প্রকল্প পরিচালক (পিডি) চৌধুরী নূরুজ্জামান গত শনিবার বলেন, ইতিমধ্যে কেন্দ্রটির ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। যেভাবে কাজ এগোচ্ছে, তাতে লক্ষ্যমাত্রার ছয় মাস আগেই কেন্দ্রটি উৎপাদনে যাবে। এ বিদ্যুৎকেন্দ্রে বছরে ছয় লাখ মেট্রিক টন কয়লা ব্যবহার করা হবে। অর্থাৎ প্রতিদিন দুই হাজার টন কয়লা ও এক হাজার টন পানি ব্যবহার করা হবে কেন্দ্রটিতে। পাশের কয়লাখনি থেকে এর কাঁচামাল জোগান দেওয়া হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী লি ঝিউই বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান বিশ্বের অনেক জায়গায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। এ বিদ্যুৎকেন্দ্রটি পরিবেশবান্ধব হবে।’