তৃতীয় ও চতুর্থ তলা পুড়িয়ে নিভল আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স কারখানায় লাগা আগুন গতকাল রোববার সকালে নিভে গেছে। আগুনে কারখানাটির তৃতীয় ও চতুর্থ তলার সবকিছু পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে বেতন-বোনাস নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকেরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক অজিত কুমার ভৌমিক বলেন, সকাল আটটার দিকে আগুন অনেকটাই নিভে গেছে। তবে কারখানার মেঝের অতিরিক্ত তাপ থেকে সেলাই মেশিনের ববিনের স্তূপের সুতায় মাঝেমধ্যেই ছোটখাটো ফায়ারিং ও ধোঁয়া হচ্ছে। তবে বিপদের আশঙ্কা নেই।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে মণ্ডল গ্রুপের ওই কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। দ্রুত তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ বিভিন্ন স্টেশন থেকে ২১টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় আগুন থাকায় ভবনের স্থানে স্থানে ফাটল দেখা দিয়েছে। অনেক স্থান থেকে পলেস্তারা খসে পড়েছে। কারখানার ৫৪ হাজার বর্গফুটের প্রতিটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের বেশ বেগ পেতে হয়। আগুনে সুতা ও পোশাক পুড়ে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় এবং কারখানায় চারপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার প্রশস্ত রাস্তা না থাকায় আগুন নেভানোর কাজ বিঘ্নিত হয়। এ ছাড়া কারখানাটি নির্মাণাধীন ভবনে হওয়ায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গুদামে থাকা বিপুল পরিমাণ সুতা, কাপড়, তৈরি পোশাক, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এদিকে কারখানায় অগ্নিকাণ্ডের পর শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদের বোনাস পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কারখানার কাটিং সেকশনের অপারেটর সুজন বলেন, ‘সামনে কোরবানি ঈদ। আমাদের টাকা দরকার। এখন বেতন-বোনাস পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি।’
সাইফুল ইসলাম বলেছেন, কারখানার ক্ষতি হলেও ৭ তারিখেই চলতি মাসের বেতন এবং সরকার নির্ধারিত তারিখের মধ্যেই ঈদ বোনাস দেওয়া হবে।