তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে নিয়োগ স্থগিত করেছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে শ্রমিক ও কর্মচারী নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুমোদন না নিয়ে নিয়োগ-প্রক্রিয়া শুরু করায় গত ৩১ জুলাই এক আদেশে স্থগিতাদেশের কথা জানায় মন্ত্রণালয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে ৪৫ জন এবং চতুর্থ শ্রেণির শ্রমিক পদে ২ হাজার জন নিয়োগের জন্য গত ২০ ও ২২ জুলাই জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ঘরে ঘরে গিয়ে (ডোর টু ডোর) সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রমের জন্য এসব পদে অস্থায়ীভাবে শ্রমিক ও কর্মচারী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সিটি করপোরেশন। তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে আবেদন করার শেষ সময় ছিল যথাক্রমে ২৬ ও ২৭ জুলাই।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, নিয়োগ-প্রক্রিয়ার ব্যাপারে কেন অনুমোদন নেওয়া হয়নি, তা জানতে চেয়ে গত ৩১ জুলাই একটি চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর পুরো নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আর সিটি করপোরেশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ের চিঠির ব্যাখ্যা দেওয়া হয়েছে।
১ আগস্ট ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রথম পর্যায়ে নগরের সাতটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে উদ্বোধনের দিন করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রথমে সাতটি ওয়ার্ডে ১ লাখ ৯৫ হাজার বিন (ময়লা সংগ্রহের পাত্র) বিতরণ করা হবে। এরপর পাঁচ শ ভ্যানের সাহায্যে এসব ওয়ার্ডে সরাসরি বর্জ্য সংগ্রহ করবেন শ্রমিকেরা।