তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর উত্তর পাশে গতকাল রোববার বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক ট্রাফিক কনস্টেবলসহ আরও তিনজন আহত হয়েছে। এ নিয়ে গত চার মাসে ওই স্থানে চারটি দুর্ঘটনা ঘটেছে।নিহত ভ্যানচালকের নাম জানে আলম (৪৫)। তাঁর বাড়ি স্থানীয় শিকলবাহা গ্রামের মাস্টারপাড়ায়।আহত ট্রাফিক কনস্টেবল মো. হেলাল দুর্ঘটনার সময় সেতু এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত অপর দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া নয়টার দিকে তৃতীয় কর্ণফুলী সেতু অতিক্রম করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পথচারী, তিনটি রিকশা ও ভ্যানকে চাপা দিয়ে পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় বাসটি। ভ্যানচালক জানে আলম ঘটনাস্থলেই মারা যান।বাসটি বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের চালক ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা মঞ্জুর মাহমুদ বলেন, বাসটি দ্রুতগতিতে সেতু থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।