তৃতীয় জাতীয় পতাকা উৎসব আগামীকাল
‘আমাদের পতাকা, আমাদের অর্জন’ এ স্লোগান সামনে রেখে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘অগ্রণী ব্যাংক জাতীয় পতাকা উৎসব-২০১৩’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক ‘জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন’ তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এ উৎসবের প্রধান উপদেষ্টা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক। তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে নয়টায় সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের উদ্বোধন করবেন জাতীয় পতাকার ডিজাইনার ও মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। এ ছাড়া ১৯৭১ সালের স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে। পরে শহীদ মিনার থেকে ৮০ ফুট জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের হবে।