টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মাঠে আজ শুক্রবার বেলা তিনটায় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত একটি জনসভায় কয়েকটি দলের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন বলে প্রচারণা চালানো হচ্ছে।
জনসভা থেকে তৃতীয় জোট গঠনের ঘোষণা আসতে পারে বলে আয়োজক দলের কেউ কেউ বলছেন। সভা সফল করতে কাদের সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার সখীপুরে হেলিকপ্টারযোগে প্রচারণা চালান।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রচারণা থেকে জানা গেছে, জনসভায় যোগ দেবেন বিকল্পধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরশাদের জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান। ওই সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম সভাপতিত্ব করবেন।
১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের সংসদ সদস্য পদ ছেড়ে দিয়ে ১৫ নভেম্বরের উপনির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। সেই থেকে আওয়ামী লীগের ভোট ডাকাতির অভিযোগে প্রতিবছর ১৫ নভেম্বর সখীপুরে কাদের সিদ্দিকী প্রতিবাদ সমাবেশ করে আসছেন। আজকের সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান।