চট্টগ্রাম বন্দরে ছয়টি কনটেইনার জেটি পরিচালনার তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হয়েছে। এই দরপত্রে নতুন শর্তের কারণে প্রতিযোগিতা সীমিত হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নতুন করে এই দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২২ সেপ্টেম্বর। নতুন দরপত্রে ‘একজন এক লটের বেশি দরপত্রে অংশ নিতে পারবে না’ বলে শর্ত জুড়ে দেওয়া হয়। এ ছাড়া সাত বছরের মধ্যে দুই বছর ন্যূনতম ২৫ হাজার কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়। নির্দিষ্ট ছয়জন বার্থ অপারেটরকে কাজ দিতে দরপত্রে এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উচ্চপর্যায় থেকে দরপত্রে নতুন শর্ত দেওয়ার বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়। এ কারণে বন্দর কর্মকর্তাদের দরপত্র বিষয়ে কিছুই করার ছিল না।এর আগে দুই দফা দরপত্র আহ্বান করেও কার্যাদেশ দিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।