তৃতীয় দফা রিমান্ড প্রার্থনার শুনানি কাল

রাজধানীর নিউ ইস্কাটন রোডে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। জবানবন্দি দিতে রাজি না হওয়ায় এ আবেদন করা হয়। এই আবেদনের ওপর ৩০ জুন (কাল মঙ্গলবার) শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় দফা রিমান্ড শেষে সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ারকে গতকাল রোববার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। তাঁকে তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ডিবি পুলিশ। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আদালতে মামলার নথিপত্র উপস্থাপন না করায় মহানগর হাকিম আমিনুল হক ৩০ জুন রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে শুনানির দিনে মামলার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করারও নির্দেশ দেন।
বখতিয়ারকে এর আগে ৯ জুন প্রথম দফায় চার দিনের ও ২৪ জুন দ্বিতীয় দফায় আবার চার দিনের রিমান্ডে নেয় ডিবি। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বখতিয়ার প্রথম দফা রিমান্ডে নিজ পিস্তল দিয়ে গুলি ছোড়ার কথা এবং ওই গুলিতে দুজন নিহত হওয়ার কথা শুনেছিলেন বলে স্বীকার করেন। কিন্তু আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। দ্বিতীয় দফায় তিনি এলোপাতাড়ি গুলি ছোড়ার কথা স্বীকার করলেও ওই গুলিতে কেউ মারা গেছে কি না, তা মনে করতে পারছেন না বলে জানান। এবারও তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। তাই তাঁকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইতিমধ্যে বখতিয়ারের গাড়িচালক ইমরান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বখতিয়ার পিস্তল দিয়ে গুলি ছোড়ার সময় ওই প্রাডো গাড়িতে থাকা তাঁর দুই বন্ধুও আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁরা তিনজনই বখতিয়ার গুলি ছুড়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া ঘটনার সময় বখতিয়ার ও তাঁর গাড়িচালকের মোবাইল ফোনের কলতালিকায় (সিডিআর) তাঁদের অবস্থান ও দৈনিক জনকণ্ঠ ভবনে স্থাপিত সিসি ক্যামেরায় গাড়ির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একজন রিকশাচালক ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছেন। বখতিয়ারকে দুই দফা রিমান্ডে নিয়ে এসবও যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ।
পুলিশ ও আদালতে তিনজনের দেওয়া জবানবন্দি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম। এ ঘটনায় ৩১ মে বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরানকে গ্রেপ্তার করে ডিবি।