রাজনীতি একটা আবর্তে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের নেতাদের এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘আমরা অন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছি না। যে যাই করেন, আমাদের সম্মান যেন ব্যাহত না হয়।’ গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাপার ঢাকা মহানগর উত্তর কমিটি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এইচ এম এরশাদ নেতাদের সতর্ক করে এসব কথা বলেন। ইফতার অনুষ্ঠানে উপস্থিত কয়েক নেতার নাম উল্লেখ করে এরশাদ বলেন, ‘কাজী জাফর, মহাসচিব ও আমার স্ত্রী বিএনপিতে যাচ্ছেন। জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগে যাচ্ছেন; এমন কথা শুনতে হয়। কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করে না, এরশাদ কোন দিকে যাচ্ছেন।’ নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘রোজার পরে মাঠে-ময়দানে ছড়িয়ে পড়ব। মানুষ দুই দলকে চায় না। কিন্তু তৃতীয় দল হিসেবে আমরা মানুষের কাছে যেতে পারিনি।’জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর পর আর কোনো নেতাকে এরশাদের মতো জুলুম-নির্যাতন সইতে হয়নি। এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে জাতীয় সংসদে নেতৃত্ব দেবে।