রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে ঢাকা ওয়াসার অভিযানের তৃতীয় দিনে গতকাল সোমবার একটি পাঁচতলা বাড়ির একাংশসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টিনের ঘর, টং দোকান, কাঁচা-পাকা স্থাপনা ও বস্তিঘর।সকালে রামচন্দ্রপুর খালের মোহাম্মদী হাউজিং সোসাইটি এলাকার অংশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। গত রোববার মোহাম্মদী আশরাফুল মাদ্রাসা ও এতিমখানার যে দোতলা ভবনের একাংশ ভাঙা হয়েছিল, গতকাল এর বাকি অংশ ভেঙে ফেলা হয়। খালের ওপরে থাকা ১০-১২টি টংঘরও গুঁড়িয়ে দেওয়া হয়।এরপর ভাঙা হয় খালের অপর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো। এ ক্ষেত্রে বুলডোজার ব্যবহার করা হয়নি। উচ্ছেদ অভিযানে নিযুক্ত শ্রমিকেরা শাবল দিয়ে টিনের চালা ও বেড়া খুলে ফেলেন।বেলা একটার দিকে একটি পাঁচতলা ভবনের বর্ধিতাংশ এবং ওই ভবনসংলগ্ন পাঁচটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এর আশপাশের আরও ১০টি ঘর উচ্ছেদ করা হয়। সন্ধ্যা পর্যন্ত অভিযানে সব মিলে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।ওয়াসা সূত্র জানায়, রামচন্দ্রপুর খালের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৩৫০টি অবৈধ স্থাপনা রয়েছে। খালের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শনিবার এ অভিযান শুরু হয়। সেদিন ও রোববার মিলে দেড় শতাধিক পাকা, আধা পাকা, টিনশেড ও বস্তিঘর ভাঙা হয়।ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন ও মো. নাসিরুদ্দিন, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। শতাধিক পুলিশ এবং শ্রমিক অভিযানে অংশ নেন। মো. নাসিরুদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযান আরও তিন দিন চলবে।