কলেজ শিক্ষার্থী অর্পা দেওয়ান রাঙামাটি বন্ধুসভার সদস্য। শহরের রাঙাপানি এলাকার সুখী নীলগঞ্জে তাঁর বাড়ি। পাহাড়ধসে তাঁদের ঘরটিও বিধ্বস্ত হয়েছে। কিন্তু অর্পা বন্ধুসভার অন্য সদস্যদের কাছে বিষয়টি গোপন রাখে। গতকাল শনিবার সকালে সুখী নীলগঞ্জে ত্রাণ দিতে গেলে চট্টগ্রাম ও রাঙামাটি বন্ধুসভার সদস্যরা অর্পার ভাঙা বাড়িটি দেখতে পান। অর্পারা আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে। পরে তাঁকে খুঁজে বের করে ত্রাণ তুলে দেন বন্ধুসভার সদস্যরা।
গতকাল শনিবার তৃতীয় দিনের মতো প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং চট্টগ্রাম বন্ধুসভার পরিচালনায় রাঙামাটির বিভিন্ন স্থানে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মোট ৮৬ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম সমন্বয় করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
গত তিন দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাঙামাটি শহরে মোট ৩০৫টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
প্রথমে ত্রাণ নিয়ে যাওয়া হয় সুখী নীলগঞ্জ ওন মিয়ং ভাবনাকেন্দ্রে। সেখানে আশ্রয় নেওয়া ২৬ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। এরপর ভেদভেদী এলাকার পৌর উচ্চবিদ্যালয়ে ২২ পরিবারকে, মিতিঙ্গাছড়ি ভোয়াইল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১২ পরিবারকে এবং বিদ্যানগর পশ্চিম মুসলিমপাড়া সি অ্যান্ড বি আশ্রয়কেন্দ্রের ২৬ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে তিন কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি গুড়, এক প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট খাবার স্যালাইন, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি চামচ, হাঁড়িপাতিল, থালা, বিশুদ্ধ পানি ও গ্লাস দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় চট্টগ্রাম বন্ধুসভার ফাহিম উদ্দিন, জয়নাল আবেদিন, এম এ রাজ্জাক, শুভাশীষ পাল, রাঙামাটি বন্ধুসভার সুনেন্টু চাকমা, বিটন চাকমা, পারমি চাকমা, দ্বিপান্বিতা চাকমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কৃষ্ণ চন্দ্র পাল, আবদুল কাহার সিদ্দিকীসহ ২০ জন বন্ধু উপস্থিত ছিলেন। আজও রাঙামাটির বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।