তৃতীয় দিনে ৯৫ শতাংশ ট্রেনের টিকিট বিক্রি
এবারের ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে গতকাল বুধবার চট্টগ্রাম স্টেশনে আড়াই ঘণ্টার মধ্যে ৯৫ শতাংশ টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। গতকাল বিক্রি হয়েছে আগামী ২৩ জুনের ঈদযাত্রার টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল দ্রুত সময়ের বিক্রি শেষ হয়েছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকিট। এরপর মহানগর গোধূলী ছাড়া বাকি আটটি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়। তবে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৭০৯ আসনের ঢাকাগামী মহানগর গোধূলীর ৬৮টি টিকিট অবিক্রিত রয়ে গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ২৩ জুনের টিকিটের চাহিদা ছিল বেশি।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ, সোনার বাংলা, তূর্ণা নিশীথা, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী, চট্টলা, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস যাত্রী পরিবহন করে। এ ছাড়া চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন রুটে আরও ১০টি এক্সপ্রেস ট্রেন যাত্রী পরিবহন করে। গত ২১ জুনের ঈদযাত্রার টিকিট উন্মুক্ত করা হয়।