তৃতীয় দিনেও দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রার অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রার গতকাল শুক্রবারও প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন। সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে গত বুধবার থেকে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার কথা অস্বীকার করেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
শিক্ষক প্রতিনিধি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গতকাল জানান, দুই সহ-উপাচার্যের সঙ্গে তাঁকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে।
উপাচার্য মো. আনোয়ার হোসেন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন।
উপাচার্য আনোয়ার হোসেনকে অপসারণ ও সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের দাবিতে গতকাল সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মোমবাতি প্রজ্বালন করে ঐক্য ফোরাম। এতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এ সময় ঐক্য ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (আজ শনিবার) শিক্ষক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কেউ মনোনয়নপত্র জমা দিতে চাইলে তা প্রতিহত করা হবে।’
আজ সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে ঐক্য ফোরামের ব্যানারে উপাচার্যের অপসারণ ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের দাবিতে সমাবেশ হবে বলে জানান তিনি।
শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করে পাঁচ দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্দেশনার সঠিক ব্যাখ্যা জেনে সেই অনুযায়ী কাজ করতে দুই সহ-উপাচার্যের কাছে গত বৃহস্পতিবার প্রস্তাব দিয়েছে শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন জানান, বিষয়টি নিয়ে গতকাল রাতেও ভারপ্রাপ্ত উপাচার্য ও সহ-উপাচার্যের (প্রশাসন) সঙ্গে আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে গতকাল বিকেল সাড়ে চারটায় ক্যাম্পাসে মিছিল করেছে ‘অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা। মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।