তৃতীয় দিনেও সড়ক অবরোধ, মহাসমাবেশের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যা​লয়ের ইনস্টিটিউট করার দাবিতে শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নীলক্ষেত মোড় অবরুদ্ধ করে রাখেন l ছবি: প্রথম আলো
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যা​লয়ের ইনস্টিটিউট করার দাবিতে শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নীলক্ষেত মোড় অবরুদ্ধ করে রাখেন l ছবি: প্রথম আলো

আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন কলেজটির ছাত্রীরা। আড়াই ঘণ্টার মতো অবরোধ শেষে তাঁরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে ‘মহাসমাবেশের’ ডাক দিয়েছেন।
বেলা সোয়া ১১টা থেকে কলেজের কয়েক শ ছাত্রী নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করেন। ছাত্রীরা চৌরাস্তায় বসে ও দাঁড়িয়ে অবরোধ সৃষ্টি করেন। নিজেদের দাবির পক্ষে পোস্টার ও ব্যানার বহন করেন। বিভিন্ন স্লোগান দেন।
অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ থাকে। যানবাহনগুলোকে ভিন্ন পথে গন্তব্যে পাঠানো হয়। অবরোধের কারণে আজিমপুর-মিরপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গতকাল বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। নীলক্ষেত, আজিমপুর ও নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকালে পুলিশ তাঁদের কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে রাস্তা না আটকাতে অনুরোধ করেন। তাঁদের সকাল ১০টায় বের হওয়ার কথা থাকলেও তাঁরা প্রায় সোয়া এক ঘণ্টা পর বের হন। এদিন তাঁরা হ্যান্ডমাইক ব্যবহার করেন। ছাত্রীদের অভিযোগ, শিক্ষকেরা নিষেধ করায় মাইক সরবরাহকারী প্রতিষ্ঠান তাঁদের মাইক দেয়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া বেলা সাড়ে ১১টার দিকে অবরোধস্থলে এসে শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাতে সাড়া দেননি। পরে এক সংবাদ ব্রিফিংয়ে অধ্যক্ষ বলেন, মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের আগে শিক্ষার্থীদের এমন আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। নিজেদের ‘কিছু সমস্যা’ স্বীকার করে তিনি বলেন, একটা কলেজকে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে দুটি কমিটি হয়েছে। তারা কাজ করছে। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনো শিক্ষিত মানুষের আচরণ হতে পারে না। এটা সন্ত্রাসীদের কাজ।
বেলা দুইটার দিকে অবরোধ শেষ হওয়ার আগে আন্দোলনকারীদের একজন সাবরিন সুলতানা আজ মহাসমাবেশের ঘোষণা দেন।
এদিকে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গতকাল শিক্ষাসচিবকে স্মারকলিপি দিয়ে বলেছে, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করা হলে তাঁরা মানবেন না। বিষয়টিকে সরকারি কলেজের ১৭ হাজার শিক্ষক ষড়যন্ত্র বলে মনে করছেন।