টানা তৃতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে অনশনকারীদের বেশির ভাগই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকালও ক্লাস বর্জন ও মৌন অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। শিক্ষার্থীদের নিঃশর্ত ক্ষমার দাবিতে সোমবার থেকে শিক্ষার্থীরা এ অনশন শুরু করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ওই বিশ্ববিদ্যালয়র সাবেক শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর গত রোববার খুলনা বিশ্ববিদ্যালয় খোলে। তবে প্রথম দিন থেকেই ক্লাস বর্জন ও মৌন অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর থেকে শুরু হয় আমরণ অনশন। টানা তিন দিনের অনশনে অধিকাংশ শিক্ষার্থীই গতকাল বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অনশনস্থলে আসেন। তবে শিক্ষার্থীরা বলেছেন, শাস্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।