তৃতীয় দিনের ধর্মঘটে কিছু লঞ্চ চলছে

নৌযানশ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো চলছে। তবে ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী থেকে ৩১টি লঞ্চ ঢাকার সদরঘাটে এসেছে। সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছয়টি লঞ্চ ছেড়েছে।
ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মাহবুবুর রহমানের ভাষ্য, ধর্মঘটের মধ্যেও এসব লঞ্চ দক্ষিণাঞ্চলের দিকে গেছে।
আজ সকালে সদরঘাটে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকটি লঞ্চ থেমে আছে। তবে যাত্রী কম। প্রিন্স আওলাদ হোসেন লঞ্চের মালিক আওলাদ হোসেন বলেন, যাত্রী ভর্তি হলে লঞ্চ ছেড়ে দেব। ধর্মঘট হলেও সমস্যা নেই। তাঁদের নৌযান শ্রমিকদের প্রয়োজনমতো বেতন ভাতা দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ নৌযান ফেডারেশনের সভাপতি শাহ আলমের ভাষ্য, দাবি না মানা পর্যন্ত লঞ্চ ধর্মঘট চলবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দক্ষিণাঞ্চলের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ধর্মঘটের মধ্যেই গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ২৭টি লঞ্চ ছেড়ে গেছে।
ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। অন্যান্য বন্দরেও পণ্য খালাস-বোঝাই বন্ধ।
গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটি সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি শাহ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘১৫ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। তবে মূল চারটি দাবি হলো—নৌযানশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নৌদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, নদীপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা এবং নৌপথের নাব্যতা বাড়ানো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো ধর্মঘট করছেন নৌযানশ্রমিকেরা। গত ২০ জানুয়ারি প্রথম দফায় ধর্মঘট করেন তাঁরা। দাবি পূরণ না হওয়ায় ২০ মার্চ দ্বিতীয় ও ২২ আগস্ট তৃতীয় দফায় ধর্মঘট ডাকা হয়।