তৃতীয় দিনের মতো চলছে কিশোরগঞ্জের বাস ধর্মঘট
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জের বাস যোগাযোগ বন্ধ আছে।
কিশোরগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ, শফিকুল ইসলাম মানিক নামের স্থানীয় এক ব্যক্তি তাঁর অনুসারীদের নিয়ে কিশোরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায় করেন। এর প্রতিবাদ করায় শফিকুল ও তাঁর অনুসারীরা গত শনিবার জেলা শ্রমিক ইউনিয়ন অফিসে তালা লাগিয়ে দেন। তাঁদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন গত রোববার এই ধর্মঘটের ডাক দেয়।
অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম মানিকের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, শফিকুলকে গ্রেপ্তার ও বাস চালানোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্মঘটের কারণে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তজেলা বাস টার্মিনাল থেকে দেশের কোনো রুটে বাস চলাচল করছে না।