সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বরজুড়ে। ওই মাসে পাঁচ দফায় ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। চলতি মাসের শুরুতে প্রথম দফায় দুদিন ও দ্বিতীয় দফায় সোমবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
নাব্যতাসংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে আজ বুধবারও ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে গত সোমবার বেলা তিনটা থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কবে ফেরি চলাচল শুরু হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না ঘাট কর্তৃপক্ষ।
এর আগে নাব্যতাসংকটে এই নৌপথে গত দুই মাসে সাত দফায় অন্তত ১৭ দিন ফেরি চলাচল বন্ধ ছিল। সবশেষ ২ অক্টোবর থেকে নাব্যতাসংকট কাটিয়ে নৌপথটিতে ফেরি চলাচল শুরু হয়েছিল। এরপর প্রতিদিনই ডুবচরে আটকে যাচ্ছিল ফেরি। সোমবার সকাল থেকে এ অবস্থা তীব্র আকার ধারণ করে। বিকেলে লৌহজং চায়না চ্যানেল দিয়ে কয়েকটি ফেরি চলাচলের পথে সমস্যায় পড়লে দুর্ঘটনা এড়াতে আবার ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র স্রোত ও নাব্যতাসংকটে তিন মাস ধরেই এ নৌপথে ফেরি চলাচল ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তাই মাঝেমধ্যেই রাতে বন্ধ রেখে দিনে ফেরি চালানো হতো। মাত্র ৪-৫টি ছোট ফেরি চলাচল করছিল এই নৌপথে। সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বরজুড়ে। ওই মাসে পাঁচ দফায় ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। চলতি মাসের শুরুতে প্রথম দফায় দুদিন ও দ্বিতীয় দফায় সোমবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ প্রথম আলোকে বলেন, আজ থেকে ফেরি চালানোর কথা ছিল। তবে ড্রেজিং সম্পন্ন না হওয়ায় ফেরি চালানো যায়নি। খনন চলছে। খনন শেষ হলে ফেরি চলাচল শুরু হবে। সেটা বৃহস্পতিবার হতে পারে, আবার না–ও হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবারও ফেরি চলাচল বন্ধ থাকার সম্ভবনা খুব বেশি। এ নৌপথ কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফিরছে না। পদ্মা সেতুর কাজ শুরুর পর থেকে নদী গতিপথ পরিবর্তন করেছে। নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে ডুবচর জেগেছে। সেই সঙ্গে স্রোতের জন্য চায়না চ্যানেলের বাঁ ও ডান পাশের চর দুটি ভেঙে চ্যানেল ভরাট হয়ে গেছে। চ্যানেলটি খনন করেও তেমন লাভ হবে না। কয়েক দিন পরপর ফেরি বন্ধ রাখতে হবে। তিনি বলেন, স্রোত ও নাব্যতাসংকট কাটিয়ে উঠতে শীত শুরু হয়ে যাবে। তখন বড় সমস্যা হবে কুয়াশা। সমস্যা একের পর এক চলতেই থাকবে।