তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
নওগাঁ-বগুড়া রুটে আজ শুক্রবার তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নওগাঁ থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা। বিকল্প পথে গাড়ি চললেও যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জের ধরে গত বুধবার থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন।
নওগাঁ শহরের ঢাকা বাস স্ট্যান্ডে ইউনিস আলী, আফজাল হোসেন ও হাবিবুর রহমানসহ কয়েকজন যাত্রী বলেন, ঢাকায় যাওয়ার জন্য তাঁরা জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। কিন্তু এসে জানতে পারেন নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ। ফলে তাঁদের আবারও একই পথ পাড়ি দিয়ে উল্টো দিকে রাজশাহী হয়ে ঘুরে ১০০ টাকা ভাড়া বেশি দিয়ে ঢাকা যেতে হচ্ছে।
হানিফ কাউন্টারের ব্যবস্থাপক আবুল বাশার জানান, নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা রাজশাহী হয়ে ঢাকায় যাচ্ছেন। আর যাঁরা নওগাঁ আসছেন তাঁদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। তিনি বলেন, ‘নিরুপায় হয়ে এই ভাড়া নেওয়া হচ্ছে। কাউন্টারগুলোতে যাত্রীও কম হচ্ছে। এই অবস্থা চলায় খেটে খাওয়া মানুষদের পেটে লাথি পড়ছে। যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে ততই মঙ্গল।’
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ইউনিয়নের আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি গাড়ি ‘শাহ ফতেহ আলী’ ব্যানারে সাপাহার থেকে নিয়মিত ঢাকায় চলাচল করার কথা। কিন্তু গত মঙ্গলবার নওগাঁর শ্রমিক ইউনিয়নের গাড়িটি ঢাকার মহাখালীতে আটকে দেয় শাহ ফতেহ আলী পরিবহন কর্তৃপক্ষ। পরে চুক্তি লঙ্ঘন করে তাঁরা নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের বাসটি ওই রুট থেকে বাদ দিয়ে কেবল তাঁদের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত নেয়।
শাহ ফতেহ আলী পরিবহনের মালিক বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক।
এ ব্যাপারে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, বিষয়টি সমাধানের জন্য গত বৃহস্পতিবার বগুড়া ও নওগাঁ মোটর শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আঞ্চলিক নেতারা আলোচনা করেছেন। দুই পক্ষই অনড় থাকায় সে আলোচনা ফলপ্রসূ হয়নি। বিষয়টি নিয়ে শনিবার আবার বসার কথা রয়েছে। তিনি বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস পথে আটকে দিচ্ছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন। বাধ্য হয়ে আমাদের বিকল্প পথে রাজশাহী হয়ে ঘুরে ঢাকা যেতে হচ্ছে। নওগাঁ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকায় যেতে প্রায় ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে।
শাহ ফতেহ আলী পরিবহনের নওগাঁ শাখার মহাব্যবস্থাপক (জিএম) এস এম মতিউজ্জামান বলেন, ‘কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন বিষয়টি সমাধানের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই সমাধান হয়ে যাবে।’