আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল রোববারও চট্টগ্রামে মুক্তিযুদ্ধে নিহত শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে। এসব সাক্ষ্যে মানবতাবিরোধী অপরাধী হিসেবে আরও কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিকের নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করেনি তদন্ত দল। তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা তদন্তের শেষ দিনে কয়েকজনের সাক্ষ্য নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছি। সাক্ষীরা তাঁদের অভিজ্ঞতা ও ঘটনার বর্ণনা দিয়েছেন। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা হবে না।’ জানা গেছে, তদন্ত দল গতকাল সকালে সার্কিট হাউসে বিভিন্ন স্থান থেকে আসা সাক্ষীদের সঙ্গে কথা বলে। এ সময় নগরের নাথপাড়া, ফয়’স লেক, পাহাড়তলী ও রাউজান থেকে আসা অন্তত ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। তিন দিনের তদন্ত শেষে চার তদন্ত কর্মকর্তা গতকাল বিকেলে ঢাকায় ফিরে যান। এর আগে গত শনিবার বিকেলে দলটির তিন আইনজীবী চট্টগ্রাম ত্যাগ করেন। ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর নেতৃত্বে ট্রাইব্যুনালের সাত সদস্যের তদন্ত দল চট্টগ্রামে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্তে আসে। তারা ২৪ সেপ্টেম্বর রাউজান ও ২৫ সেপ্টেম্বর নগরের বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়। এতে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা মীর কাসেম আলীর নাম উঠে আসে।