তৃতীয় দেশে বাণিজ্যেও পরস্পরের ভূখণ্ড ব্যবহার করা যাবে
বাংলাদেশ ও ভারত পরস্পরের পাশাপাশি তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যের জন্য পণ্য পরিবহনে একে অপরের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। অর্থাৎ নেপাল ও ভুটানের মতো তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারবে বাংলাদেশ। অনুরূপভাবে ভারতও একই সুবিধা পাবে।
এই সুবিধা রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আগের চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারত কেবল পরস্পরের মধ্যে বাণিজ্যের জন্য একে অপরের নৌ, সড়ক ও রেলপথ ব্যবহার করতে পারত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে দুই দেশই আগ্রহী হওয়ায় ঐকমত্যে পৌঁছেছে। তিনি বলেন, নতুন চুক্তি ১ এপ্রিল থেকে কার্যকর হবে। চুক্তিটি প্রথম হয়েছিল ১৯৭২ সালের ২৮ মার্চ। ২০০৯ সালে নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩১ মার্চ। এখন সংশোধিত আকারে এই চুক্তি সই হতে যাচ্ছে।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, এই খসড়ার নতুন আরেকটি বিষয় হলো, আগে চুক্তির মেয়াদ ছিল তিন বছর, এখন মেয়াদ হবে পাঁচ বছর। এ চুক্তি স্বয়ংক্রিয়ভাবেই নবায়ন হবে। তবে কোনো পক্ষ যদি নবায়ন করতে না চায়, সেই সুযোগও আছে।
সরকারের একজন পদস্থ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোিদর বাংলাদেশে আসার কথা রয়েছে। তাঁর সফরের সময়ই এই চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে তাঁর আসতে দেরি হলে অন্য মন্ত্রীদের উপস্থিতিতে চুক্তিটি হবে।
চুক্তির ব্যাখ্যা দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ এখন ভুটান বা নেপালেও বাণিজ্য করার জন্য ভারতের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। এ সিদ্ধান্ত উভয় দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এ ব্যাপারে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে যে ফি বা চার্জ ধার্য করা হবে, তা ব্যবহারকারী দেশকে দিতে হবে।
মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য পোর্ট (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’-এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মূল আইনটি হয়েছিল ১৯০৮ সালে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধন অনুযায়ী নৌবন্দর সচল রাখার জন্য কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের প্রয়োজন হলে বা ইতিমধ্যে এমন কিছু নির্মাণ হয়ে থাকলে, সেখানে প্রাকৃতিক জলাধার আইন প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।
বৈঠকে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের খসড়া উপস্থাপন করা হলেও কিছু পর্যবেক্ষণ দিয়ে তা ফেরত পাঠানো হয়েছে। খসড়াটি করেছে পরিকল্পনা বিভাগ।