তৃতীয় ধাপের ভোট শেষে চলছে গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি জায়গায় সংঘর্ষ, জাল ভোট, বিএনপির প্রার্থীদের নির্বাচন বর্জনসহ নানা অনিয়মের মধ্যে ৬১৪টি ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়।

জাল ভোট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনতা ইউনিয়নের এসি একাডেমি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শনিবার নৌকার প্রার্থীর পক্ষের লোকজন পাঁচটি বুথে জোর করে ঢুকে ২০০ থেকে ২৫০ জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট দেওয়ার ওই চিত্র ভিডিওতে ধারণ করতে বুথের দরজার কাছে গেলে বেসরকারি টেলিভিশনের একজন ক্যামেরাপারসনকে মারধর করা হয়। এ কারণে সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট নেওয়া শুরু হয়।
এ ছাড়া বগুড়ায় জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভোট বর্জন
আজ কয়েকটি ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
জাল ভোটের অভিযোগে নারায়ণগঞ্জের সদর উপজেলার এনায়েতপুর ইউপির বিএনপির প্রার্থী মাহমুদুল ইসলাম আলমগীর নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও পোলিং এজেন্ট বের করে দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে নাটোরের পাঁচটি ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। তাঁরা এসব ইউনিয়নে আবার ভোট গ্রহণেরও দাবি জানিয়েছেন। আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থী রফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়ে আবার ভোট গ্রহণের দাবি জানান। এরপর একইস্থানে হালসা ইউনিয়নের বিএনপি প্রার্থী ইব্রাহিম খলিল সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

পুলিশ গুলিবিদ্ধ
চাঁদপুরের ফরিদগঞ্জের বালিহাড়া ইউনিয়ন পরিষদের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল হাসান তারেক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউপির ইজ্জতপুর বিদ্যালয় কেন্দ্রে আ. লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন।

শেরপুরের তিনটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৩১টি গুলি ছুড়েছে। এ ঘটনায় আঙুর মিয়া (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুরে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।

দুই পর্বের ফল
ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের মধ্য দিয়ে গত ২২ মার্চ ৭১২টি ও ৩১ মার্চ ৬৩৯টি ইউপিতে ভোট নেওয়া হয়। এর আগে নির্বাচনী সহিংসতায় গতকাল শুক্রবার পর্যন্ত নিহত হয়েছে ৪৩ জন।

নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬৩৯পি ইউপিতে নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের ৩৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৬৩ ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না। প্রথম ধাপে ৭১২ ইউপিতে নির্বাচন হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১১৯ ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না।

গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির ও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৩৯ ইউপির ভোট হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আওয়ামী লীগ ১০০১ ইউপিতে ও বিএনপি ১০৮ ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ২১৮ ইউপিতে।
চতুর্থ ধাপে ৭৪৩ টিতে ৭ মে, পঞ্চম ধাপে ৭৩৩ ইউপির ভোটগ্রহণ হবে। ষষ্ঠ ধাপের ভোট হবে ৪ জুন।