তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি পেল কেয়ার্ন এনার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লক থেকে উত্তোলিত গ্যাসের নিজেদের অংশ (প্রফিট গ্যাস) তৃতীয় পক্ষের কাছে বিক্রির অনুমতি পেল স্কটল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (আইওসি) কেয়ার্ন এনার্জি পিএলসি। গতকাল রোববার কোম্পানিটির সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক চুক্তি সই করেছে। বিদেশি কোনো কোম্পানিকে এই প্রথম তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দেওয়া হলো।এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল গত জুন মাসের মধ্যে। কিন্তু তা দেরি হওয়ায় আসন্ন শুকনো মৌসুমে কেয়ার্ন কূপ খনন শুরু করতে পারবে কি না, তা এখন অনিশ্চিত। কেয়ার্নের একটি সূত্র জানায়, আসন্ন শুকনো মৌসুমে কূপ খননের কাজ শুরু করা গেলে ২০১৪ সালে ক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া সম্ভব হতো। এখন হয়তো তা আরও পেছাবে।সরকারি সূত্র জানায়, ১৬ নম্বর ব্লকের উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) অনুযায়ী এর আগে পেট্রোবাংলার সঙ্গে কেয়ার্ন এনার্জির গ্যাস কেনাবেচার যে চুক্তি ছিল, তাতে ওই ব্লক থেকে উত্তোলিত গ্যাস কেয়ার্ন শুধু পেট্রোবাংলার কাছেই পিএসসিতে নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য ছিল। কিন্তু ব্লকটির দক্ষিণাঞ্চলের হাতিয়া, মগনামা প্রভৃতি এলাকায় অনুসন্ধান-ব্যয় বেশি বলে কোম্পানিটি অপেক্ষাকৃত বেশি দামে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি চায়। ১৬ নম্বর ব্লকের পিএসসিতেও এই বিধান রয়েছে। তা ছাড়া চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের যে সংকট, তা ওই অঞ্চল থেকে পাওয়া গ্যাস ছাড়া মেটানোও অসম্ভব হয়ে পড়েছে। তাই কেয়ার্নকে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।তবে কেয়ার্নের সঙ্গে এই চুক্তিটি পেট্রোবাংলা স্বাক্ষর করেনি, করেছে মন্ত্রণালয়। এর আগে আইওসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পেট্রো-বাংলা। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপসচিব এ কে মহিউদ্দিন আহ-মেদ। অপর পক্ষে সই করেন কেয়ার্নের ব্যবস্থা-পনা পরিচালক ফিল ডোনাল্ড এবং তাদের সহযোগী অংশীদার অস্ট্রেলীয় কোম্পানি স্যান্টো-সের প্রতিনিধি জন চেম্বার ও মার্কিন কোম্পানি হেলিবার্টনের বাংলাদেশ প্রতিনিধি শওকত হোসেন। সরকারি সূত্র জানায়, এই চুক্তি অনুযায়ী কেয়ার্ন এনার্জি দক্ষিণ সাঙ্গু (হাতিয়া-মগনামা এলাকা) থেকে তোলা গ্যাসের নিজস্ব অংশ তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। তবে তৃতীয় পক্ষের সঙ্গে তাদের গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তিতে পেট্রোবাংলার অনুমোদন নিতে হবে। এই অনুমোদন দেওয়ার জন্য পেট্রোবাংলা ৩০ দিন সময় পাবে। বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি কোম্পানিকে এবারই প্রথম তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দেওয়া হলো। এর ফলে ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিরও সুযোগ সৃষ্টি হলো একই দাবি করার।