তৃতীয় পক্ষের কাছে গ্যাস বেচতে পারবে স্যান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল, গ্যাস ও খনিজ করপোরেশনের (পেট্রোবাংলা) সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বলে তৃতীয় পক্ষের কাছে সরাসরি গ্যাস বিক্রির অনুমোদন পেয়েছে অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস। গতকাল সোমবার সকালে পেট্রোসেন্টারে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব ইমাম হোসেন এবং স্যান্তোসের পক্ষে সাঙ্গু গ্যাসফিল্ড লিমিটেডের প্রেসিডেন্ট জন চেম্বার্স চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি দেশের সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকের ক্ষেত্রে কার্যকর। চুক্তি স্বাক্ষরের পর স্যান্তোসের পক্ষ থেকে বলা হয়, আগামী সেপ্টেম্বর মাসেই তারা কূপ খননের কাজ শুরু করবে।চুক্তি অনুযায়ী, ওই ব্লকের তিনটি স্থান সাঙ্গু, সাঙ্গু দক্ষিণ ও মগনামায় স্যান্তোস নতুন তিনটি কূপ খনন করবে। উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) অনুযায়ী এসব কূপে পাওয়া গ্যাসের যে অংশ তারা পাবে, তা সরকারের কাছে বিক্রি না করে দেশের মধ্যে তৃতীয় কোনো পক্ষের কাছে সরাসরি বিক্রি করতে পারবে। তবে সরকার তথা পেট্রোবাংলা যদি তৃতীয় পক্ষের সমান দামে কিনতে চায়, তা হলে তা পেট্রোবাংলার কাছেই বিক্রি করতে হবে। এ ছাড়া ওই তিনটি কূপসহ সম্পূর্ণ ব্লকের গ্যাসের যে অংশ পিএসসি অনুযায়ী সরকারের প্রাপ্য, তা যথারীতি সরকারকেই সরবরাহ করবে স্যান্তোস।এদিকে স্যান্তোসকে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দেওয়ার সমালোচনা করেছে সুশীল সমাজের একাংশ। তারা বলেছে, ভবিষ্যতে পিএসসির অধীনে কর্মরত অন্যান্য কোম্পানিও এই সুবিধা চাইতে পারে। তখন সরকার না বলতে পারবে না। এ ছাড়া এর ফলে বাংলাদেশের গ্যাসের ওপর বিদেশি কোম্পানির একধরনের মালিকানা সৃষ্টি হলো।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, প্রথমত ১৬ নম্বর ব্লকের পিএসসিতে এ ধরনের বিধান আছে। তার পরও সরকার এত দিন বিষয়টি অনুমোদন করেনি। কিন্তু এখন সেখানে নতুন করে কূপ খননের জন্য বাড়তি বিনিয়োগের দরকার হবে। পিএসসির অধীনে সরকারের কাছে তারা যে দামে গ্যাস বিক্রি করে, তাতে এই বাড়তি বিনিয়োগ করতে কোম্পানি রাজি ছিল না।জ্বালানিসচিব বলেন, এ ক্ষেত্রে সরকার তাদের সঙ্গে পিএসসি বাতিল করে দিয়ে নতুন করে পিএসসি করার উদ্যোগ নিতে পারত। তাতে সময় লেগে যেত কয়েক বছর। কিন্তু দেশে, বিশেষ করে চট্টগ্রামে বাড়তি গ্যাস দরকার এখনই। এ জন্যই তৃতীয় পক্ষের কাছে বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।ওই ব্লকে পিএসসির অধীনে এর আগে কাজ করত ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি। গত বছর তারা স্যান্তোসের কাছে ওই ব্লকের মালিকানা হস্তান্তর করে। এখন ওই ব্লকের মালিকানার ৭৫ শতাংশ স্যান্তোসের এবং ২৫ শতাংশ মার্কিন কোম্পানি হেলিবার্টনের।