উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণে সহিংসতার হার আরও বেড়েছে। নির্বাচনী সহিংসতা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের পদক্ষেপ ছিল অপর্যাপ্ত। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকলেও সহিংসতার মাত্রা কমেনি।
দেশের ৪১ জেলার ৮১টি উপজেলায় তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষে গতকাল শনিবার বেসরকারি সংস্থা ব্রতী প্রাথমিক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে। ব্রতীর ১২১ জন পর্যবেক্ষকের ১১টি উপজেলায় ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এই প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, প্রথম পর্যায়ের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণে সংঘর্ষ, ভোট কেন্দ্রে অনিয়ম, ভোটারদের বাধা দান এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের মাত্রা ছিল বেশি। তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণে সহিংসতার ব্যাপকতা আরও বেশি লক্ষ করা গেছে। সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত ছিল না।
ব্রতী আরও বলছে, নির্বাচনী সহিংসতা, জাল ভোট দান, ব্যালট বাক্স ছিনতাই ও প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ হযেছে। বিগত বছরগুলোতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে ধারা শুরু হয়েছিল তা এবারের উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে বহুলাংশে ম্লান হয়েছে।
পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষণকৃত উপজেলায় নারী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য। নারী ও সংখ্যালঘু ভোটারদের বাধা দেওয়ার কোনো তথ্য পর্যবেক্ষণকৃত কেন্দ্রগুলো থেকে পাওয়া যায়নি। তবে কয়েকটি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, প্রভাব বিস্তার এবং এজেন্টদের বাধা দেওয়া ও কেন্দ্র থেকে বের করে
দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। পর্যবেক্ষণকৃত এলাকায় গড়ে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছে ব্রতী। বিজ্ঞপ্তি।