উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণে সহিংসতার হার আরও বেড়েছে। নির্বাচনী সহিংসতা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের পদক্ষেপ ছিল অপর্যাপ্ত। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকলেও সহিংসতার মাত্রা কমেনি।
দেশের ৪১ জেলার ৮১টি উপজেলায় তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষে গতকাল শনিবার বেসরকারি সংস্থা ব্রতী প্রাথমিক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে। ব্রতীর ১২১ জন পর্যবেক্ষকের ১১টি উপজেলায় ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এই প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, প্রথম পর্যায়ের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণে সংঘর্ষ, ভোট কেন্দ্রে অনিয়ম, ভোটারদের বাধা দান এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের মাত্রা ছিল বেশি। তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণে সহিংসতার ব্যাপকতা আরও বেশি লক্ষ করা গেছে। সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত ছিল না। বিজ্ঞপ্তি।