তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ নভেম্বর পটুয়াখালী ও বরগুনা সফরে আসছেন। ওই দিন তিনি প্রথমে পটুয়াখালীর কলাপড়া উপজেলার রামনাবাদ এলাকায় দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বেলা তিনটায় বরগুনার নবগঠিত তালতলী উপজেলায় আসবেন এবং উপজেলা সদরে জনসভায় বক্তৃতা করবেন।
গত বুধবার প্রধানমন্ত্রীর এই সফরসূচি নির্ধারিত হয় বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে। বরগুনা জেলা প্রশাসক আবদুল ওহাব ভূঞা গতকাল বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ আগস্ট নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ে পায়রা সমুদ্রবন্দর নির্মাণসংক্রান্ত এক সভায় রামনাবাদ চ্যানেলে সমুদ্রবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগ ও এ-সংক্রান্ত রূপরেখা তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চল সফরকালে এই অঞ্চলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে পায়রা সমুদ্রবন্দর নির্মাণের লক্ষ্যে টিয়াখালী মৌজায় ১৬ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। গত ২০ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভূমি অধিগ্রহণ ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রশাসনকে এক কোটি ৫১ লাখ ৪৪ হাজার ৬৮৭ টাকার চেক দেয়।
বুধবার পায়রা সমুদ্রবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, প্রস্তাবিত এলাকায় ছোট ছোট বলগেট দিয়ে মাটি ভরাটের কাজ চলছে। বিদ্যুতের জন্য সোলার সিস্টেম লাগানো হচ্ছে। টার্মিনাল স্থাপনের এলাকায় পাথর ফেলা হচ্ছে। এ কাজে শত শত শ্রমিক অংশ নিয়েছেন।
ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা নান্নু মুন্সী বলেন, ‘বন্দরের কাজ শুরু হয়েছে। ফলে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। এককথায়, উপজেলার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে।’ টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, ‘আমাদের এলাকার মানুষ গরিব। কাজের সন্ধানে অনেকেই রাজধানীমুখী হয়। এখানে সমুদ্রবন্দর হলে লোকজনের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।’
পায়রা সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প কর্মকর্তা লেফটেন্যান্ট মো. বেল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, সমুদ্রবন্দর নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীয় সংসদে ‘পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন -২০১৩’ পাস হয়। এই আইনের আওতায় রামনাবাদ নদীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে।