তৃতীয় বছরে কঠিন সময় পার করতে হবে সরকারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, তৃতীয় বছরের যাত্রায় সরকারকে মধুচন্দ্রিমাহীন কঠিন সময় পার করতে হবে। তাঁর মতে, সামনে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এখন থেকে উত্তাল সাগর অতিক্রম করতে হবে।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, গত দুই বছরে সরকারের সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিষয়টি স্বীকারও করেছেন। এটা প্রমাণ করে শতভাগ সফল না হলেও সরকারের শতভাগ আন্তরিকতার অভাব নেই। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, কথায় কথায় দেশপ্রেম নিয়ে কটাক্ষ করবেন না। ক্রমাগত সংসদ বর্জন করে আক্রোশের বৃত্তে, দেশ বিক্রির তত্ত্বে আটকে থাকলে বিরোধী দল হিসেবে আগামী দিনে তাদের ব্যর্থতা আরও বাড়বে।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন, সাংসদ এ বি এম আনোয়ারুল হক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।