তৃতীয় রাজনৈতিক ধারা সৃষ্টির আহ্বান
দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে দেশের ১৬ কোটি মানুষ নিরাপদ নয়। তাঁদের এই দুজনের দুই ধারা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তাই তৃতীয় ধারা সৃষ্টি করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
‘বর্তমান অবস্থাই প্রমাণ করে দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্রপতিকে সাহসী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান রাষ্ট্রপতি বলছেন তাঁর কাছে কোনো ক্ষমতা নেই। দুই নেত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তাঁর ক্ষমতাকে সীমিত করে দিয়েছেন। রাষ্ট্রপতি যদি দুই নেত্রীকে চায়ের দাওয়াত দেন তাহলে তো কেউ তাঁকে বাধা দেবে না।
মান্না আরও বলেন, ১৯৯৬ সালে দেশে নির্বাচন নিয়ে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। তখনকার রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস দুই নেত্রীকে ডেকে আলোচনা করেছিলেন।
সভায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, দুই নেত্রী আলোচনা করলেই বা সরে গেলেই সব সমস্যার সমাধান হবে এমনটা ভাবা ঠিক নয়। পদ্ধতিগত সমস্যা কিন্তু এতে রয়েই যাবে। নাগরিক ঐক্যের পক্ষে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ জামাল কাদেরী সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের ভেতর কৃষক, শ্রমিক ও উদ্যোক্তা শ্রেণী অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু রাজনীতি যদি অর্থনীতির চালিকাশক্তি না হয়ে হীন স্বার্থ উদ্ধারে ব্যবহূত হয়, তবে রাজনীতির ওপর আস্থা না থাকা স্বাভাবিক। একমাত্র নতুন রাজনৈতিক শক্তি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।
নাগরিক ঐক্য ঢাকা উত্তরের আহ্বায়ক শহিদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সাংসদ এস এম আকরাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর চৌধুরী।