তৃতীয় শক্তির উত্থান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যের নেতারা। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে তাঁরা এই আহ্বান জানান।
জাতীয় ঐক্যের মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
সাবেক সাংসদ এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সরকারের হাজার হাজার কর্মচারী ফুঁসে উঠেছেন। তাঁরা এ সরকারের অধীনে চাকরি করতে রাজি নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে বলেন এক কথা, আর তাঁর পেটে আরেক কথা। তিনি একজন স্বার্থপর।’ তিনি বলেন, দেশের ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে উত্তরণে এখনই সংবিধান সংশোধন প্রয়োজন। এখনই সবাই ঐক্যবদ্ধ না হলে দেশে আরও কঠিন সময় আসবে। কামাল হোসেন বলেন, জনগণ যখন দেশের প্রকৃত মালিক হবে, তখনই নারায়ণগঞ্জসহ সারা দেশে গ্যাস, বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, নারায়ণগঞ্জে আবারও পাটকল চালু হবে। তিনি বলেন, বাংলাদেশে এখন নির্বাচন হয় নিলামে। তবে দেশের জনগণ জেগে উঠলে দেশে শান্তি ফিরে আসবে।
তৃতীয় শক্তির জন্য নারায়ণগঞ্জ জেগে উঠেছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, ত্বকী হত্যার বিচার হতে হবে। তিনি বলেন, দেশে ক্ষমা নিয়ে বাণিজ্য হচ্ছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর দাগী অপরাধীদের ক্ষমা করে দিচ্ছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে একটা জিনিস উপলব্ধি করেছি। আর সেটি হচ্ছে হাজার বছর এই দলের রাজনীতি করলেও হাসিনা পরিবার ছাড়া কেউই দলের প্রধান হতে পারবেন না।’
জেএসডির সভাপতি আ স ম রব বলেন, পার্লামেন্ট ভাঙতে হবে। ক্ষমতা ছাড়তে হবে। ক্ষমতায় থেকে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি বলেন, ডেসটিনি, হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ, শেয়ারবাজার, সোনালী ব্যাংক—সব খাওয়া হয়েছে। এখন গ্রামীণ ব্যাংকের দিকে নজর দিয়েছে সরকার। দেশের মানুষ যাঁকে নিয়ে গর্ব করে, সরকার সেই ড. ইউনূসকেও অপমান করছে।
মাহমুদুর রহমান বলেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়া একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা যুদ্ধ চাই না। আমরা এই দুই নেত্রী থেকে মুক্তি চাই। তাই এই নারায়ণগঞ্জ থেকে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিতেই আমরা এখানে এসেছি।’ সভাপতির বক্তব্যে এস এম আকরাম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে ঐক্য গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জের মানুষ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।