তৃতীয় শীতলক্ষ্যা নির্মাণে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি সরকারের অর্থায়নে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এই সেতু নারায়ণগঞ্জের বন্দর এবং সদর উপজেলাকে সংযুক্ত করবে। 

আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে নির্মাণ প্রতিষ্ঠান চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড এবং সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আগামী মাসে সেতুর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে এবং ২০২০ সালের মার্চে কাজ শেষ হবে। তিনি বলেন, এ সেতুর নির্মাণকাজ শুরুর মধ্য দিয়ে সরকার নারায়ণগঞ্জবাসীকে দেওয়া আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে।
উল্লেখ্য, ভায়াডাক্টসহ সেতুটির দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার। এ প্রকল্পের আওতায় শীতলক্ষ্যা নদীতে প্রায় ৫০০ মিটার নদীশাসন কাজ করা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং নির্মাণ প্রতিষ্ঠান চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট লিও লিউশিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এ সময় নারায়ণগঞ্জের স্থানীয় সাংসদ শামীম ওসমান, সেলিম ওসমানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।