নারায়ণগঞ্জ শহরের সঙ্গে বন্দর উপজেলার যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ আগামী মে মাসে শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকায় প্রস্তাবিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, সৌদি সরকারের অর্থায়নে শহরের সৈয়দপুর থেকে বন্দর উপজেলার মদনগঞ্জ পর্যন্ত ১ হাজার ২৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হবে ৫৪০ কোটি টাকা। এরই মধ্যে সেতুর দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৬ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্তে সরকার এখনো অনড় রয়েছে। স্থান পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ বিভাগীয় প্রকৌশলী মো. সামছুউদ্দিন।