তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি
খুলনার স্কুলগুলোতে তৃতীয় শ্রেণিতে ভর্তি-পরীক্ষা পদ্ধতি বাতিল করে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালু করার দাবিতে মানববন্ধন হয়েছে। সব ধরনের ভর্তি পরীক্ষার কোচিং বন্ধ করা ও সব প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষা পুরোদমে চালু করারও দাবি জানানো হয়।
গতকাল শনিবার নগরের পিকচার প্যালেস মোড়ে ‘জন-উদ্যোগ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের নামীদামি সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণিতে ভর্তির নামে শিশুদের ওপর চলছে মানসিক নির্যাতন। ভর্তি কোচিংয়ের নামে চলছে কোচিং-বাণিজ্য। অর্থনৈতিক ও মানসিক চাপে অভিভাবক ও শিশুরা পর্যুদস্ত হয়ে পড়ছে। শিক্ষা প্রতিটি শিশুর অধিকার, এই অধিকার বাস্তবায়িত করতে হবে।
সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে ও খুলনা পোলট্রি ফিস ফিডের মহাসচিব এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জন-উদ্যোগের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন, সিপিবির মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, জাসদের মহানগর সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সুজনের মহানগরের আহ্বায়ক লোকমান হাকিম, নারীনেত্রী শামীমা সুলতানা প্রমুখ।