তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্থায়ীকরণ নিয়ে দীর্ঘসূত্রতা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে তাঁদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। আইনি জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের তৃতীয় শ্রেণির কর্মচারী পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় গত ২৬ মার্চ। নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩১টি পদ উল্লেখ করা হয়। মূলত অস্থায়ীভাবে নিয়োজিত প্রায় সাড়ে তিন শ কর্মচারীকে এর মাধ্যমে স্থায়ী করা হবে।
উল্লেখযোগ্য পদগুলো হলো ফোরম্যান, পরিবহন পুল সহকারী, বাজারভাড়া আদায়কারী, কম্পাউন্ডার, হিসাব বিভাগের কোষাধ্যক্ষ, সার্ভেয়ার, স্বাস্থ্য পরিদর্শক, ওয়ার্ড সচিব, পরিবার পরিকল্পনা কল্যাণকর্মী, পরিচ্ছন্ন বিভাগের তত্ত্বাবধায়ক, সড়ক তদারককারী, স্বাস্থ্য সহকারী, বাতি পর্যবেক্ষক ইত্যাদি।
চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বলেন, ‘প্রকৌশলীদের করা রিট মামলার কারণে আমাদের কর্মচারীদের নিয়োগ-প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু ওই মামলায় কর্মচারীদের নিয়োগ দিতে কোনো বাধা নেই। মামলার বাদীরাও বিষয়টি পরিষ্কার করেছেন। কিন্তু তার পরও কোনো অগ্রগতি নেই।’
জানা গেছে, করপোরেশনের তিন সহকারী প্রকৌশলীর মামলার পরিপ্রেক্ষিতে (১০৯৯-২০১৪) উচ্চ আদালত সংস্থাটির প্রকৌশল বিভাগের সব রকম নিয়োগ, স্থায়ীকরণ, চলতি দায়িত্ব ও পদোন্নতিতে স্থগিত আদেশ দেন। করপোরেশনের তিন সহকারী প্রকৌশলী মো. শাহীন উল ইসলাম, আবু সাদাত মো. তৈয়ব ও মো. ফরহাদুল আলম গত ১১ ফেব্রুয়ারি এ মামলা করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্থায়ী করার ব্যাপারে কর্তৃপক্ষ একেক সময় একেক কথা বলছে। তারা এই প্রক্রিয়া সম্পন্ন করবে করবে করেও করছে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে পুরো প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে।’
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘প্রকৌশল বিভাগের একটি মামলায় করপোরেশনের সকল নিয়োগ, পদোন্নতি, স্থায়ীকরণে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে এই বাধা নেই। কিন্তু আমরা আইনি মতামত নিয়ে এ ব্যাপারে অগ্রসর হতে চাই।’
শ্রমিকনেতা মোরশেদুল আলম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর পার হয়েছে চার মাস। কিন্তু এখনো কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছি না। এতে সবার মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ফলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’