তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বাবা গত মঙ্গলবার এক কিশোরের (১৭) বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
ওই ছাত্রীর বাবা বলেন, তাঁদের বাড়ি বিরল সদর ইউনিয়নে। তাঁর মেয়ে পাশের বিজোড়া ইউনিয়নে নানাবাড়িতে থেকে এক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। সে নানার ঘরে একা বসে গত শনিবার বেলা দুইটার দিকে টেলিভিশন দেখছিল। এ সময় ওই কিশোর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমিক দেয় ওই কিশোর। পরে মেয়েটি ভয়ে ঘটনাটি কাউকে বলেনি। ঘটনার দিন থেকে অসুস্থতার একপর্যায়ে গত সোমবার রাতে সে তার নানির কাছে ঘটনাটি প্রকাশ করে। সোমবার রাতে মুঠোফোনে শ্বশুরের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি গত মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি যান। পরে ওই দিন বেলা ১১টার দিকে মেয়েকে বিরল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিরল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদশা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে এসআই তুষার কান্তি রায় ও সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমানের উপস্থিতিতে ধর্ষণের শিকার শিশুর জবানবন্দি রেকর্ড করা হবে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।