তৃতীয় শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ছাত্রীটির মা-বাবা বলছেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ তাঁরা পেয়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি সন্দেহজনক, তারা খতিয়ে দেখছে।

ওই ছাত্রীর নাম মাহিন আকতার (৯)। সে খিলগাঁও মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। দুই বোনের মধ্যে সে ছিল ছোট। শিশুটির বাবা কায়েম হোসেন একজন প্রাইভেট কার চালক, মা গৃহিণী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবা কায়েম হোসেন সাংবাদিকদের বলেন, সিপাহিবাগের একটি পাঁচতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় তাঁরা থাকেন। দুই মেয়ে ও তাদের মাকে বাসায় রেখে তিনি কাজে গিয়েছিলেন। দুপুরে খবর পান মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় খিদমা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বেলা তিনটায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গির কবির প্রথম আলোকে বলেন, শিশুটির মা জানিয়েছেন, তাঁর বড় মেয়ে স্কুলে ছিল। তিনি মাহিনকে ঘরে রেখে পাশেই তাঁর মায়ের বাসায় গিয়েছিলেন। মাহিন দরজাটি ভেতর থেকে লাগিয়েছে এটা নিশ্চিত হয়েই তিনি বের হয়েছিলেন। আধা ঘণ্টা পর ফিরে দরজায় নক করলে মাহিন দরজা খোলে না। কিছুক্ষণ পর দরজা ভেঙে ঢুকে দেখেন সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

জাহাঙ্গির কবির বলেন, এই বয়সের একটি শিশু ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে এই বক্তব্য তাঁদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তাই ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন। লাশটিও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।