তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক
বান্দরবান জেলা শহরের কালাঘাটা থেকে গতকাল শুক্রবার সানজিদা খানম তানহা নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই ছাত্রীর বাবা ও সৎমাকে আটক করেছে।
সানজিদা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ জানায়, ওই ছাত্রীর গলায় কালো দাগ পাওয়া গেছে।
কালাঘাটা এলাকার কয়েকজন ব্যক্তি জানান, বেলা দেড়টার দিকে সানজিদার সৎমা সাবাকা আক্তার হঠাৎ কান্নাকাটি করে লোকজন ডাকাডাকি করতে থাকেন। এ সময় তাঁরা ছুটে গিয়ে দেখতে পান, সানজিদার মুখ থেকে রক্ত বের হচ্ছে।
পুলিশ জানায়, পুলিশ সানজিদার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সানজিদার বাবা রফিক আহমেদ সাবাকা আক্তারের বরাত দিয়ে বলেন, পৃথক একটি কক্ষে থাকা সানজিদা দুপুরে হঠাৎ চিৎকার করে ওঠে। তাৎক্ষণিকভাবে তাঁর স্ত্রী সেখানে গিয়ে দেখেন, সে হাত-পা ছোড়াছুড়ি করছে ও তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
রফিক আহমেদ বলেন, তিনি বেলা একটা ১০ মিনিটের দিকে নামাজ পড়তে যাওয়ার সময় সানজিদাকে পুরোপুরি সুস্থ দেখে গেছেন।
পুলিশ সানজিদার বাবা রফিক আহমেদ ও সৎমা সাবাকা আক্তারকে আটক করেছে।
সানজিদার মামা মিজানুর রহমান জানান, এক বছর আগে তাঁর বড় বোন রাশেদা বেগম ও রফিক আহমেদের তালাক হয়। রাশেদা এক ছেলে ও এক মেয়ে নিয়ে আর্মিপাড়ায় তাঁদের সঙ্গে থাকেন। ভাগনি সানজিদা মাঝেমধ্যে কালাঘাটায় বাবার কাছে গিয়ে থাকে। তাঁরা ধারণা করছেন, সানজিদাকে মেরে ফেলা হয়েছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, মেয়েটির মৃত্যু সন্দেহজনক। সুরতহালের সময় তার গলায় কালো দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।