তৃতীয় শ্রেণীর ছাত্রী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাঘিয়া এলাকায় গত মঙ্গলবার রাতে এক শিশু স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ে।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই স্কুলছাত্রী (১০) বাড়ির পাশে দাঁড়িয়ে বেডমিন্টন খেলা দেখছিল। এ সময় এলাকার প্রভাবশালী রুহুল আমীন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল (২৫) শিশুটিকে ডেকে নেন। পরে ঘরে নিয়ে পাশবিক নির্যাতনের পর তার মুখে বালু ঢুকিয়ে মাফলার দিয়ে বেঁধে রাখেন।
বিষয়টি বুঝতে পেরে শিশুটির মা ও খালা ওই ঘরের দরজা ধাক্কা দিতে থাকেন। এ সময়ে পলাশ ওই ঘর থেকে দৌড়ে পালিয়ে যান। শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার বাবা পেশায় রিকশাচালক। তারা ওই বাড়িতে ভাড়া থাকত। তাকে হাসপাতালে নিতে চাইলে পলাশের পরিবার ও আত্মীয়স্বজনেরা বাধা দেয়। ঘটনা জানাজানি হলে তাঁরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এলাকার একাধিক লোক জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়লেও ধর্ষণকারীর আত্মীয়স্বজনেরা চিকিৎসা নিতে যেতে দিচ্ছিলেন না। বিষয়টি নিয়ে রাতেই পরিবারটির সঙ্গে মীমাংসায় বসেন। সেখানে শিশুটির বাবাকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরে তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বলে। গতকাল বুধবার ভোরে তাঁরা বাড়ি থেকে চলে যান।
শিশুটির বাবা জানান, সকালে তাঁরা মেয়েটিকে নিয়ে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় এবং তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গতকাল বিকেলে বাঘিয়া এলাকায় ধর্ষক পলাশ মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁদের ঘরে তালা ঝুলছে। কাউকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও কেউ ফোন ধরেননি।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়েদা সিদ্দিকা জানান, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরীক্ষার পর চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।