তৃতীয় শ্রেণীর সেই ছাত্রের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ থানায় একটি সন্ত্রাসী হামলা মামলার আসামি ১১ বছর বয়সের আবদুর রহমান ও তাঁর দুই মাকে গতকাল রোববার জামিন দিয়েছেন আদালত। তৃতীয় শ্রেণীর ছাত্র আবদুর রহমানের বয়স ১৮ দেখিয়ে ওই মামলায় আসামি করা হয়।তবে একই মামলার আসামি আবদুর রহমানের বড় তিন ভাইকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের বিজয় পাড়ুয়া গ্রামের পাথরশ্রমিক রফিক উদ্দিনের দুই স্ত্রী ও সাত ছেলেকে একটি সন্ত্রাসী হামলায় অভিযুক্ত করে থানায় লিখিত এজাহার দেন পাশের গ্রাম বনপুরের আবদুল মালিক। তবে সরেজমিনে কোনো তদন্ত ছাড়াই কোম্পানীগঞ্জ থানার পুলিশ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে। ওই মামলার ৭ নম্বর আসামি আবদুর রহমান। মামলায় তার বয়স ১৮ দেখানো হয়েছে।মামলাটি গত ২৫ নভেম্বর থানায় নথিভুক্ত হওয়ার পর পুলিশ প্রথম দফা অভিযানে আবদুর রহমানের ভাই রূপচান মিয়া (২২) ও আবদুর রহিমকে (২১) গ্রেপ্তার করে। গত শুক্রবার পুলিশ দ্বিতীয় দফা গ্রেপ্তার অভিযানে ওই গ্রামে গেলে আসামিরা পালিয়ে যায়।পরে আবদুর রহমান ও তার বড় ভাই ইছুব আলী প্রথম আলোর সিলেট কার্যালয়ে গিয়ে ঘটনাটি জানান। গত শনিবার প্রথম আলোয় ‘তৃতীয় শ্রেণীর ছাত্রের বয়স ১৮ দেখিয়ে থানায় মামলা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।মামলার আসামি আবদুর রহমান, তার মা রুকিয়া বেগম (৩৫), সৎমা ময়নাতুন নেছা (৫০) এবং আবদুর রহমানের তিন ভাই ইছুব আলী (৩৫), আরশ আলী (২৮) ও আহমদ আলী (২৫) গতকাল সকালে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত আবদুর রহমান ও তাঁর দুই মাকে জামিন দিলেও অন্যদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।