তৃতীয় সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার তৃতীয় সাক্ষী এহতেশামুল চৌধুরী কাশফীকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা৷ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা হয়৷ আজ বুধবার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত৷
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী জানান, সাক্ষী এহতেশামুলকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে৷ জেরাকালে আইনজীবীরা বলেন, এটা উদ্দেশ্যেপ্রণোদিত সাক্ষ্য৷ উত্তরে সাক্ষী আদালতকে জানান, এটা উদ্দেশ্যপ্রণোদিত সাক্ষ্য নয়৷ আসামিদের বিরুদ্ধে মাদকের প্রতিবাদ করায় হিমাদ্রীকে হত্যা করা হয়, যা তিনি মৃত্যুর আগে হাসপাতালের শয্যায় বলে যান৷ হিমাদ্রীর ওই জবানবন্দি মুঠোফোনে সংরক্ষণ করেন তিনি (এহতেশামুল)৷
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়৷ ২৬ দিন পর ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান৷ এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে৷ গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন৷