তৃতীয়বারও মেয়ে হওয়ায় মরতে হলো সাহেরাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর গত এক যুগে একে একে তিন কন্যাসন্তানের জন্ম দেন সাহেরা। কিন্তু স্বামী জয়নাল চাচ্ছিলেন ছেলে। এ কারণে প্রতিবারই সন্তান জন্ম দেওয়ার পর সাহেরার ওপর নির্যাতনের খড়্গ নেমে আসে। শুধু কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে একবার স্ত্রীকে তালাকও দেন জয়নাল। নয় মাস আগে সাহেরা তৃতীয় সন্তান তাহমিনার জন্ম দেন। এ অবস্থায় গত রোববার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে স্বামীর বাড়ির শোবার ঘরে সাহেরার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ জয়নালকে রোববার আটক করেছে।সাহেরার পরিবারের সদস্য, প্রতিবেশী ও পুলিশের ধারণা, পরপর তিন কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণেই স্বামীর হাতে সাহেরাকে প্রাণ দিতে হয়েছে। সাহেরার পরিবারের সূত্রে জানা গেছে, এক যুগ আগে নোয়াকান্দি গ্রামের জয়নাল আবদীনের (৩৬) সঙ্গে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জিরারপাড় গ্রামের আবদুল কাদেরের মেয়ে সাহেরা খাতুনের (৩২) বিয়ে হয়। সাহেরার বাবা জানান, বিয়ের এক বছর পর সাহেরা-জয়নাল দম্পতির প্রথম কন্যা তাসলিমার (১১) জন্ম হয়। কন্যাসন্তান জন্ম দেওয়ায় জয়নাল পাড়া-প্রতিবেশীর সামনে ঘোষণা দিয়ে আমার মেয়েকে তালাক দেয়। এর এক বছর পর সাহেরাকে আবার ঘরে তোলা হয় ঠিকই, কিন্তু এ নিয়ে দাম্পত্য কলহ কমেনি। এরপর সাহেরার দ্বিতীয় কন্যাসন্তান তানজিনার (৯) জন্ম হয়। তখন পুকুরে ফেলে সাহেরাকে মেরে ফেলার চেষ্টা করে জয়নাল। নয় মাস আগে সাহেরা তৃতীয় কন্যাসন্তান তাহমিনাকে জন্ম দেওয়ার পর জয়নাল অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সাহেরার বাবা জানান, কিছুদিন আগেও স্বামীর হাতে প্রাণ হারানোর আশঙ্কার কথা সাহেরা আমাদের জানিয়েছে। সাহেরার বাবা আরও বলেন, ‘শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জয়নালের বাড়ি থেকে মুঠোফোনে আমাদের জানানো হয়, সাহেরা শৌচাগারে পড়ে আহত হয়েছে। রাতেই আমাদের লোক গিয়ে দেখে সাহেরা মারা গেছে। তার শরীর আঘাতে ভরা ছিল।’ সাহেরার বড় ভাই মো. আলী বলেন, ‘শুধু ছেলে জন্ম দিতে না পারার কারণে জয়নাল আমার বোনেরে অশান্তির মধ্যে রাখত। তাই আমাদের ধারণা, মেয়ে জন্ম দেওয়ায় আমার বোনকে প্রাণ দিতে হয়েছে।’মনোহরদী থানায় আটক জয়নাল মিয়া সাংবাদিকদের কাছে বলেন, ‘পরপর তিন মেয়ে হওয়ার কারণে আমার মনে দুঃখ ছিল সত্য, কিন্তু আমি আমার স্ত্রীকে হত্যা করিনি।’ শৌচাগারে পড়ে সাহেরা মারা গেছে বলে তিনি দাবি করেন।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, পুত্রসন্তান জন্ম দিতে না পারায় সাহেরাকে তাঁর স্বামী জয়নাল হত্যা করেছে।