তৃতীয়বারের মতো একই অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাত্র এক বছরের ব্যবধানে তুরাগ তীরে একই অবৈধ স্থাপনা তৃতীয়বারের মতো উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বৃহস্পতিবার গাবতলী এলাকায় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করা হয়। এর পর কেউ ভূমি দখল করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক শরিফ আফজাল ও সংশ্লিষ্ট কর্মকর্তা, দারুসসালাম থানার পুলিশ, র্যাব-৪-এর সদস্যরা, বিদ্যুতের ডিপিডিসি ও ডেসকোর শতাধিক কর্মকর্তা উচ্ছেদ অভিযানে অংশ নিতে গাবতলী গরুর হাটের পাশে তুরাগ তীরে আসেন। তাঁরা তালিকা দেখে উচ্ছেদ অভিযান শুরু করেন। একই সঙ্গে গতকাল দখলমুক্ত করার পাশাপাশি তুরাগ নদের খননকাজও শুরু করে বিআইডব্লিউটিএ। দখলদারেরা স্থানীয় সাংসদ, ওয়ার্ড কাউন্সিলর ও প্রভাবশালীদের ফোন করে উচ্ছেদ বন্ধ করার চেষ্টা-তদবির চালান। তাঁরা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অনুমোদন দেওয়া কাগজপত্র ও উচ্চ আদালতেরও একটি আদেশ দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ বন্ধ করতে বলেন। ম্যাজিস্ট্রেট দখলদারদের বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী সব অবৈধ স্থাপনা ও নদ-নদী দখলমুক্ত করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’ অভিযান শুরুর পর গাবতলী ইট, পাথর, বালুর আড়ৎ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরাও নদী খননের পক্ষে। কিন্তু ডিসিসি আমাদের এখানে ব্যবসা করার অনুমোদন দিয়েছে। এর কাগজ আছে।’ এ সময় সমিতির নেতারা স্থানীয় সাংসদ আসলামুল হক ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেনকে ফোন করে উচ্ছেদ বন্ধ করার ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এ ব্যাপারে সাংসদ আসলামুল হকের কাছে ফোনে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও নদ দখলমুক্ত করার সঙ্গে সম্পৃক্ত। বিআইডব্লিউটিএর জমিতে ও তুরাগে যত অবৈধ স্থাপনা আছে আদালতের রায় অনুযায়ী তা উচ্ছেদ করা হবে।’ দখলদারদের সিটি করপোরেশনের অনুমোদনের দাবির বিষয়ে মেয়র সাদেক হোসেন বলেন, ‘সিটি করপোরেশন নদ-নদীর তীরের জায়গায় কাউকে ব্যবসা করার অনুমোদন দেয়নি। যদি কেউ অবৈধভাবে দখল করে সেটি অবৈধ এবং তা আইন অনুযায়ী উচ্ছেদ হবে। এ বিষয় ডিসিসিও একমত।’ গতকাল তালিকাভুক্ত দখলদারদের অবৈধ ২৫টি পাকা ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ইট, বালু ও পাথর দিয়ে নদ ও নদের তীরের ৩৯ জন দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া দখলদারেরা বলেছেন, এ নিয়ে তৃতীয়বারের মতো তাঁরা উচ্ছেদের কবলে পড়েছেন। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলেন, এবার উচ্ছেদের পর নদের সীমানা নির্ধারণ করে দেওয়া হবে। এই সীমানা লংঘনকারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৪ সালে গাবতলীর এই অংশ ‘নদীবন্দর’ ঘোষণা করা হয়েছে। দখলদারেরা নদের ৭০ ফুট ভরাট করে স্থাপনা নির্মাণ করেছে। এসবই দখলমুক্ত করা হবে। এ ছাড়া গতকাল টাগবোট অগ্রণী দিয়ে অবৈধ দখল করা তুরাগ নদে খনন শুরু হয়েছে। জানা গেছে ৩০ নভেম্বর পর্যন্ত খননকাজ চলবে।