রংপুরের কাউনিয়া উপজেলায় শিশুসদনের দুটি পাঁচতলা ডরমেটরি ভবন নির্মাণে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি। এর আগেও দুটি তদন্তে ওই শিশুসদনের দুটি পাঁচতলা ডরমেটরি ভবন নির্মাণে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
গত সোমবার দিনভর ঘটনাস্থলে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (অনু ও তদন্ত-১) ফারুক আহমেদের উপস্থিতিতে দিনাজপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রকৌশলী প্রতিনিধিদল তদন্ত করে। এ সময় উপস্থিত ছিলেন শিশু সদনের সাধারণ সম্পাদক, অভিযুক্ত এলজিইডি রংপুর কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ অভিযুক্ত আরও তিন প্রকৌশলী।
তদন্ত দলের প্রতিনিধিরা বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য অর্জিত হয়নি। নকশা অনুযায়ী পাঁচতলা ডরমেটির ভবন দুটি নির্মিত হয়নি। ভবন দুটি প্রস্থে ৫৬ ফুট ৬ ইঞ্চি নির্মিত হওয়ার কথা থাকলেও, ৫ ফুট ৬ ইঞ্চি কম অর্থাৎ ৫০ ফুট পাওয়া গেছে। জলছাদের পুরুত্ব চার ইঞ্চির স্থলে তিন ইঞ্চি করা হয়েছে। অগ্নিনির্বাপণ যন্ত্র লাগানোর কথা থাকলেও, তা লাগানো হয়নি। এ ছাড়া আরও অনেক অনিয়ম রয়েছে।
তদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের নতুন গঠিত তদন্ত কমিটির প্রধান দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন বলেন, ‘নকশা অনুযায়ী ভবন নির্মিত হয়নি। শিডিউল মোতাবেক অনেক কাজ হয়নি।’
অনুসন্ধানে জানা যায়, শিশু সদনের সম্পাদক আমজাদ হোসেন ২০১৩ সালের ২২ অক্টোবর আদালতে মামলা দায়ের পর ওই বছরের ২৮ অক্টোবর মামলাটি তদন্তের জন্য রংপুর দুদক কার্যালয়ে পাঠানো হয়। মামলায় অভিযুক্তরা হলেন এলজিইডি রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ (বর্তমানে এলজিইডির সদর দপ্তরে পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত), কাউনিয়া উপজেলা প্রকৌশলী মজিবর রহমান (বর্তমানে রংপুরের পীরগঞ্জে কর্মরত), উপসহকারী প্রকৌশলী বছির উদ্দিন সরকার, আমিনুল ইসলাম সরকার, ঠিকাদার সাইদুর রহমান, মেসার্স আলম কনস্ট্রাকশনের আলম হোসেন, লাবু আহমেদ। এরপর দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের জন্য রংপুর গণপূর্ত কার্যালয়ের চারজন প্রকৌশলীকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্ত করে এর সত্যতা পায়। এ ছাড়া ২০১৪ সালের জানুয়ারি মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের সরেজমিন তদন্ত প্রতিবেদনেও অনিয়মের সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে অভিযুক্ত হাসান মাহমুদ কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।