চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলামকে তৃতীয়বারের মতো সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় ২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে। নজরুল ইসলাম জেলা জামায়াতের সাবেক আমির।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই চিঠিতে প্যানেল মেয়র-১ সাইদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন নজরুল ইসলাম। প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নজরুল ইসলামের বিরুদ্ধে সদর থানার বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার অভিযোগপত্র গত ৯ এপ্রিল আদালতে গৃহীত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে একাধিক মামলার আসামি হিসেবে পলাতক অবস্থায় নির্বাচিত হন নজরুল ইসলাম। পরে তিনি আত্মসমর্পণ করে কারাগারে যান এবং কারাগার থেকেই শপথ নেন। জামিনে মুক্ত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। দুবারই উচ্চ আদালতের নির্দেশনায় দায়িত্ব ফিরে পান তিনি।