তৃষ্ণা-কৃষ্ণাকে দেখতে অস্ট্রেলিয়া গেছেন মা লাভলী
জোড়া মাথা আলাদা হওয়া বাংলাদেশি যমজ বোন তৃষ্ণা ও কৃষ্ণাকে দেখতে অস্ট্রেলিয়ায় গেছেন তাদের মা লাভলী মল্লিক। গতকাল শনিবার লাভলীর স্বামী কার্তিক চন্দ্র মল্লিক এ কথা জানান। জোড়া মাথা আলাদা করার পর এই প্রথম মেয়েদের দেখছেন লাভলী। খবর এএফপির।২০০৬ সালের ডিসেম্বরে খুলনায় তৃষ্ণা ও কৃষ্ণার জন্ম। মাথা জোড়া লাগানো থাকায় দুই শিশুকে লালন-পালনে অক্ষম ছিলেন তাদের মা-বাবা। এরপর দুই শিশুর দায়িত্ব নেয় মাদার তেরেসা হোম। প্রথমে খুলনার মাদার তেরেসা হোম ও পরে ঢাকায় মাদার তেরেসা এতিমখানায় নিয়ে আসা হয় দুই বোনকে। মেলবোর্নভিত্তিক দাতব্য সংস্থা চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন তৃষ্ণা ও কৃষ্ণাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। গত বছর নভেম্বরে দীর্ঘ ৩২ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করা হয়। বর্তমানে সেখানে আইনি অভিভাবক হিসেবে মেয়েদের দেখাশোনা করছেন চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের প্রধান মোইরা কেলি।কার্তিক চন্দ্র মল্লিক বলেন, ‘মেয়েদের দেখতে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় গেছে লাভলী। গতকাল (শুক্রবার) টেলিফোনে তার সঙ্গে আমার কথা হয়েছে। মেয়েদের দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা। মেয়েরা কথা বলছে, খেলছে। আমিও টেলিফোনে তাদের সঙ্গে কথা বলেছি।’ কার্তিক জানান, বাংলাদেশি একজন ব্যবসায়ী লাভলীর এই সফরের খরচ দিয়েছেন। তিন মাসের ভিসা নিয়ে গেছেন তাঁর স্ত্রী। তবে স্ত্রীর সঙ্গে যেতে না পারার মর্মবেদনার কথাও জানান তিনি।