তেঁতুলিয়ায় তুলার ভালো ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরীক্ষামূলকভাবে তুলা চাষের প্রথম বছরেই ভালো ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০১৪ সালে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এই উপজেলায় তুলা চাষের উদ্যোগ নেয়।
তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর প্রায় ৪৫ লাখ বেল তুলার চাহিদা থাকলেও উৎপাদিত হয় মাত্র দেড় লাখ বেল। বাকিটা বিদেশ থেকে আমদানি করতে হয়।
তুলা উন্নয়ন বোর্ডের তেঁতুলিয়া ইউনিট ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল করিম বলেন, শুরুতেই তেঁতুলিয়ায় প্রায় ২১ একর জমিতে তুলা চাষ হয়েছে। তেঁতুলিয়া থেকে প্রথমবারেই প্রায় ৩২ মেট্রিক টন তুলা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
কৃষকেরা বলেন, প্রতিবিঘা জমিতে ১০ থেকে ১২ মণ তুলা উৎপাদিত হবে। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় তাঁরা ২০ হাজার টাকা লাভ করবেন। অন্যান্য ফসলে ছয় মাসে এত লাভ করা যায় না। দেশি ও হাইব্রিড দুই জাতের তুলা চাষ হচ্ছে। গত জুন মাসে ডিমাগজ গ্রামের রেজাউল করিম নয় একর জমি ইজারা নিয়ে প্রথম তুলা চাষ শুরু করেন। ছয় মাসের মধ্যে তুলার ভালো ফলন দেখে এলাকার অনেক কৃষক এবার আগেভাগেই তুলা চাষের উদ্যোগ নিচ্ছেন। রেজাউল করিম বলেন, নয় একর জমিতে ইজারার টাকা, সার, সেচসহ তাঁর খরচ পড়েছে দুই লাখ টাকা। এই নয় একর জমিতে প্রায় ২৭০ মণ তুলা হবে বলে তিনি আশা করছেন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা।
তুলা উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন বলেন, ‘তেঁতুলিয়ার মাটিতে তুলা চাষ হতে পারে আমাদেরও ধারণা ছিল না। পরীক্ষামূলক চাষের পর বাম্পার ফলন দেখে আমরাও কিছুটা হতবাক হয়ে গেছি। অন্যান্য জেলার থেকে পঞ্চগড়ে তুলা চাষের প্রচুর সম্ভাবনা আছে। তুলা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সুদে ঋণসুবিধাসহ তুলার বাজারজাত-করণে সহায়তা দিচ্ছে বোর্ড।’