তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত লোডের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। গতকাল রোববার রাতে উপজেলার জামরিগুড়ি ও প্রামাণিকপাড়ায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত নয়টায় মুহুরিজোত বাজারের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে গেলে লাইনে ভোল্টেজ বেড়ে যায়। এ সময় সড়কের বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পড়ে জামরিগুড়ি গ্রামের ইয়াকুব আলী (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। একই সময় প্রামাণিকপাড়ায় ঘরের সুইচ বন্ধ করতে গিয়ে শাহেদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এতে শালবাহান ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বেলালউদ্দিন জানান, ট্রান্সফরমারে আগুন লেগে লাইনে ভোল্টেজ বেড়ে যেতে পারে। তবে সেখানে কী কারণে এ রকম হয়েছে, তা তিনি জানতে পারেননি। কারণ মানুষের ক্ষোভের কারণে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সেখানে যেতে পারেননি। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।