পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগে কোন্দল চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে একটি পক্ষ স্থানীয় দলীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান, উপজেলা কমিটির সভাপতি ইয়াছিন আলী মণ্ডল ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করেছে।স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ২৮ আগস্ট বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তায় দলের একাংশের সমাবেশে ৭১ সদস্যের উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। এতে নায়বুল ইসলামকে আহ্বায়ক এবং কাজী মাহবুবুর রহমান ও আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই কমিটি সমেঞ্চলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়েছে।উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবদুল হাফেজের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক মনিরা পারভীন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংসদ তাঁর ভাগনে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমানকে নিয়ে সব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি দল পিছিয়ে পড়ছে। দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে। তাঁরা যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের জন্য সাংসদ ও কাজী মাহমুদুর রহমানকে দায়ী করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। রাতে তালা ভেঙে কাজী মাহমুদুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে কার্যালয়ে বসেন। পরদিন দুপুরে নায়বুল ইসলাম ও কাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী আবার কার্যালয়টির নিয়ন্ত্রণে নেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী বলেন, তেঁতুলিয়ায় অনুমোদিত কোনো কমিটি নেই। সাংসদ ও তাঁর ভাগনে একাই সবকিছু করছেন। দলের স্বার্থে, দলকে এগিয়ে নিতে নেতাকর্মীরা আহ্বায়ক কমিটি গঠন করেছেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ২০০৮ সালের ২০ এপ্রিল সমেঞ্চলন হলেও এখন পর্যন্ত কোনো অনুমোদিত কমিটি নেই। তাই জেলা নেতাকর্মীদের অধিকাংশের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সমেঞ্চলনের পর দীর্ঘদিনেও কোনো অনুমোদিত কমিটি নেই। সাংসদ ও কাজী মাহমুদুর রহমান সব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁদের বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একই কথা বলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। অনুমোদিত কমিটি না থাকার কথা স্বীকার করে কাজী মাহমুদুর রহমান বলেন, সমেঞ্চলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কমিটি থাকার পর দলের গঠনতন্ত্রে যদি আহ্বায়ক কমিটি গঠনের নিয়ম থাকে তাহলে তো কোনো কথাই নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মো. মজাহারুল হক বলেন, ‘তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের কথা শুনিনি, জানিও না। আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, অবাঞ্ছিত ঘোষণা করার ওরা কে?’